June 21, 2026

প্রধানমন্ত্রীর আসন্ন জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে

ফাইল ফটো

কাদের

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের বৈঠকে উন্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দ্বার। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের মেঘাপ্রকল্পগুলো বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি দেশে জার্মান বিনিয়োগ আহ্বান করতে পারেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রতি জার্মানির দৃঢ় আস্থা রয়েছে। নবনির্বাচিত সরকারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করায় মন্ত্রী জার্মান সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের সুশাসন সংহতকরণ, গণতন্ত্রের নীতি শক্তিশালীকরণ এবং আইনের শাসন এগিয়ে নিতে জার্মান সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

রাষ্ট্রদূত দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জার্মানির রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আওয়ামী লীগের পররাষ্ট্রবিষয়ক উপকমিটির সদস্য এ কে ফাইয়াজুল হক রাজু উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *