June 20, 2026

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন নিহত, দাবি হুথিদের

3

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। রোববার সন্ধ্যা ও সোমবার সকাল পর্যন্ত সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুথিরা অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্ণেল তুর্কি আল-মালিকি বলেছেন, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সেব্যাপারে কোনো তথ্য দেয়নি সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)।

এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হুতিদের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দরে তারা অন্তত ১০টি বদর-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এতে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের গত চার বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। সেই সংঘাতের অংশ হিসেবেই হুথিরা ইয়েমেন সীমান্তের বাইরে সৌদি আরবে প্রায়ই হামলা চালানোর দাবি জানিয়ে আসছে।

রোববার সন্ধ্যার দিকে সৌদি সামরিক জোট জানায়, সৌদির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইয়েত এলাকার একটি প্রধান সামরিক ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি হুথি বিদ্রোহীরা নিক্ষেপ করে।

সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে লড়াইরত হুথি বিদ্রোহীরা। ২০১৪ সালে রাজধানী সানা দখলে নেয়ার পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি। তারপর থেকেই দেশের বাইরে তিনি।

হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের ভেতরে ঢুকে ১৫টি সামরিক ঘাঁটি দখলের দাবি করে এই বিদ্রোহী গোষ্ঠী।

এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, হুথি বিদ্রোহীরা বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে; যা আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরোপুরি আগ্রাসন, সন্ত্রাসবাদ এবং যুদ্ধাপরাধের শামিল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *