September 11, 2026

‘আর ছুটতে পারব না’, জানিয়ে দিলেন শোয়েব

এক সময় বল হাতে ২২ গজে গতির ঝড় তুলেছেন। প্রায় বাউন্ডারি লাইনের কাছ থেকে ছুটে এসে বল করার সময় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়েছিলেন। রাওয়ালপিন্ডির শোয়েবের নাম হয়ে গিয়েছিল ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সেই শোয়েব আখতার আর ছুটতেই পারবেন না। ইনস্টাগ্রামে সে কথা জানালেন পাকিস্তানের এই সাবেক পেসার।

রবিবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন শোয়েব। ছবির বিবরণীতে জানান, শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে তার হাঁটু প্রতিস্থাপন করা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পর থেকে আর ছুটতে পারবেন না বিশ্ব ক্রিকেটের ‘দ্রুততম’ এই বোলার।

ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের উদ্দেশে শোয়েব লেখেন, ‘আমার ছোটার দিন শেষ। হাঁটু প্রতিস্থাপনের জন্য শিগগিরই মেলবোর্নের উদ্দেশে রওনা হব আমি।’
প্রসঙ্গত, খেলোয়াড় জীবনেও বেশ কয়েক বার হাঁটুর সমস্যার কারণে দিনের পর দিনের মাঠের বাইরে থাকতে হয়েছে শোয়েবকে। বছর দু’য়েক আগেও হাঁটুতে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে গিয়েছিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েব আখতার বল করেছিলেন ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। এখনো অবধি সেটাই ক্রিকেটের ইতিহাসে সব চেয়ে দ্রুততম বল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *