বি. চৌধুরীসহ ৫ দলের নেতাদের বৈঠক রবের বাসায়




চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে ফের বৈঠক করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রবসহ সমমনা পাঁচ দলের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার রাতে আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়েও কথা বলেন নেতারা। এ প্রসঙ্গে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন যুগান্তরকে বলেন, ‘আমরা এর আগেও একাধিকবার বৈঠক করেছি। এ বৈঠক সেই ধারাবাহিক বৈঠকেরই অংশ। আমরা বৈঠকে চলমান সংকট সমাধানে নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেছি।
এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজে বের করার নানা দিক নিয়েও কথা বলেছি।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার জন্য আমরা এ মাসের শেষ দিকে টেকনাফ এবং উখিয়া যাব।’ আবদুল মালেক রতন বলেন, ‘রোহিঙ্গা সমস্যাটি আমাদের একটি বড় সমস্যা। আমরা জাতীয় কমিটি গঠনের কথা বলেছিলাম। এ কমিটি কিভাবে গঠিত হবে, উদ্দেশ্য কি হবে, এ নিয়েও আমরা বসেছিলাম।’
