২৮ অক্টোবরের ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে বিএনপি: ওমর ফারুক চৌধুরী


বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিএনপি জামাত যে গণতন্ত্র ধ্বংস করার জন্যই সব সময় কাজ করে ২০০৬ এর ২৮ অক্টোবর তার প্রমাণ। ২০০৬ সালে বিএনপি সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে যজ্ঞে নেমেছিল, আজও বাঙ্গালি জাতি তা ভোলেনি। অথচ, কি পরিহাস, তারাই আজ গণতন্ত্রে কথা বলেন, সংবিধানের কথা বলে।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপি যে একটি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী দল ২০০৬ এর ২৮ অক্টোবর তার প্রমাণ।’ তিনি ওই দিনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘বাংলাদেশে আবার যেন এরকম নারকীয় সন্ত্রাস না হয়, সেজন্য বিএনপি রূপী সন্ত্রসীদের প্রতিরোধ করতে হবে।’
ওমর ফারুক চৌধুরী প্রশ্ন করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছিল কে? বিএনপি। বিএনপি তাদের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য, সংবিধান সংশোধন করেছিল। বিচারপতি কে এম হাসানকে প্রধান বিচারপতি করে বিএনপি শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অকার্যকর করেনি, বিচার বিভাগকেও কলুষিত করেছে।’
তিনি বলেন, ‘বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল। ‘নির্বাচন কমিশন’প্রতিষ্ঠানকে বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত করেছিল।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষ যখন এসবের প্রতিবাদে রাস্তায় নেমে ছিল তখন বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ক্যাডাররা নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ চালিয়েছিল। বাংলাদেশের মানুষ কি বিএনপি জামায়াতের ওই তাণ্ডব এত সহজে ভুলে যাবে?’
তিনি বলেন, ‘সেদিন সাধারণ মানুষ প্রমাণ করেছে, সন্ত্রাসীদের চেয়ে জনতার শক্তি অনেক বড়। এটাই জনগণের ক্ষমতায়ন। এটাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘২০০৬ সালে বিএনপি জামাত গণতন্ত্র ধ্বংসের যে নীলনকশা রচনা করেছিল, এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জনগণের ক্ষমতায়নই পারে এই ষড়যন্ত্র রুখতে।’
তিনি যুবলীগ সহ আপামর দেশবাসীকে আবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। এজন্যই ২৮ অক্টোবরকে স্মরণ করার আহ্বান জানান তিনি।
