April 18, 2026

আবারও একসঙ্গে গাইবেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি

আআ

পাঁচ বছর পর আবারও একসঙ্গে গাইবেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি। তবে কোনো অ্যালবামে নয়, সিনেমার একটি গানে কণ্ঠ দেবেন তারা।

গানের শিরোনাম ‘তোমার জন্য’। ‘দুর্ধর্ষ অভিযান’ ছবিতে গানটি ব্যবহার করা হবে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ফেরদৌস ওয়াহিদ ও ইউসুফ আল মামুন। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এর আগে আমার সঙ্গে ন্যান্সি বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছে। গানগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছিল।

নতুন গানটির কথা অনেক সুন্দর হয়েছে। আশা করছি এ গানটি শ্রোতারা পছন্দ করবেন।’ গানটি লিখেছেন ডা. রাতিম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোশাররফ হোসেন। আগামী ১ মার্চ উত্তরায় এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস ওয়াহিদ, জ্যাকি আলম, মো. মনির, আশামনি, জনি আহমেদ, রানা, শিখা, মাসুদ আহমেদ, মার্শাল কামাল, বানু বেগম, সাজ্জাদ আলম প্রমুখ। ওয়াহিদ মুভিজের প্রযোজনায় নির্মিত সামাজিক গল্পের ছবিটি শুটিং শেষে এ বছরই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় ‘কুসুমপুরের গল্প’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল। অন্যদিকে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে ন্যান্সিও ইদানীং নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *