আবারও সারা বিশ্বে সাইবার হামলা, আক্রান্ত ২০০০ প্রতিষ্ঠান




বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু প্রতিষ্ঠান জানিয়েছে যে, তারা আবারও একটি বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে। জানা গেছে, ইউক্রেন থেকে শুরু হওয়া ‘র্যামসওয়্যার’ এখন পৃথিবীর বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।
প্রতিষ্ঠানগুলি তাদের কম্পিউটারের পর্দার ছবি প্রকাশ করেছে যাতে দেখা গেছে হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অংকের অর্থ দাবি করছে।
আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট, ও পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি।
ইউক্রেনে গুরুতর সাইবার হামলার শিকার হয়েছে দেশটির সরকারি মন্ত্রণালয়, রাস্ট্র নিয়ন্ত্রিত বিদ্যুত কোম্পানি, ব্যাংক, ও কিয়েভের বিমানবন্দর।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পরামর্শ দিয়েছে বিট কয়েনের মাধ্যমে অর্থ প্রদান না করতে, কারণ অর্থ প্রদান করলেই আক্রান্ত কম্পিউটারের হারানো ফাইল উদ্ধঅর হবে তার কোনো নিশ্চয়তা নেই।
রাশিয়া ভিত্তিক অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, সারা বিশ্বে অন্তত ২০০০ সাইবার আক্রমনের ঘটনা ঘটেছে বিশেষ করে রাশিয়া, পোল্যান্ড ও ইউক্রেনে।
ইন্টারপোল বলেছে, তারা খুব গভীরভাবে সাইবার হামলাটির ব্যাপারে পর্যবেক্ষন করছে. এবংপ্রয়োজনে অন্যান্য দেশের তাদের সহযোগী প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হবে।
সূত্র: বিবিসি
