June 22, 2026

জেলকোড খালেদা জিয়াকে সুচিকিৎসা দেবে : কাদের

kadar

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে আদালত জেল দিয়েছে। জেলকোড খালেদা জিয়াকে সুচিকিৎসা দেবে। তাকে দেখার জন্য সুচিকিৎসক, জাতীয়তাবদী চিকিৎসকরা আছেন। কিন্তু বিএনপি নেতারা তাকে নিয়ে যে মিথ্যাচার করছেন তাতে জাতীয়তাবাদী চিকিৎসকরা চিকিৎসা করলে যে সার্টিফিকেট দেবেন সেখানেও সন্দেহ থাকবেই।’

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এ সময় কাদের বলেন, ‘দলের জন্য ত্যাগী, যোগ্যরাই নেতৃত্বে আসবেন। কারোর পকেট ভরে কমিটি দিলে চলবে না। কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ চলবে। এর বাইরে কোনো ভাবনা চিন্তা নেই।’

সদ্য বিদায় নেবেন এমন নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি এখন নেতা, যখন বিদায় নেবেন তখন নতুনরা আপনাকে কী হিসেবে চিনবেন সেটা নিয়ে একটু ভাববেন। টাকা পয়সা দিয়ে নেতা বানালে তারা আপনাদের দিকে ফিরেও তাকাবে না। আপনি বিদায় নিলে আপনার পেছনে শুধু আদর্শের কর্মীরাই থাকবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *