ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুন মেয়র আতিকুলের ৮ অগ্রাধিকার




আলোকিত ঢাকা, সড়ক নিরাপত্তা ও গণপরিহনের শৃঙ্খলা, ফুটপাত উদ্ধার এবং ডিজিটাল সেবাসহ আট বিষয়কে অগ্রাধিকার দিয়ে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।
গতকাল শনিবার রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অগ্রাধিকারের কথা জানান তিনি। আতিকুলের দেওয়া এই আট অগ্রাধিকারের মধ্যে ছয়টিই প্রয়াত মেয়র আনিসুল হক বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। তবে আনিসুল মারা যাওয়ার পর বেশির ভাগ উদ্যোগ চালু রাখতে পারেনি ডিএনসিসি।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা উন্নততর করার লক্ষ্যে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। তবে এক বছর দুই মাসের মতো মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আপাতত স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে চান তিনি। ডিএনসিসি এলাকাকে বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত করা, ‘নগর অ্যাপ’ সচল করা, নাগরিক সেবা ডিজিটাল করা, ফুটপাত দখলমুক্ত করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, পরিবেশদূষণ রোধ করা এবং নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়নে প্রাধান্য দিতে চান আতিকুল ইসলাম। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং পার্ক, খেলার মাঠ তৈরি ও বনায়নের মাধ্যমে সবুজ ঢাকা বিনির্মাণে অধিকতর গুরুত্ব দিতে চান তিনি। তবে কত দিনের মধ্যে এই আট অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে, তা পরিষ্কার করেননি আতিকুল।
আতিকুল ইসলাম আরো বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে এই আট বিষয়কে প্রাধান্য দিতে চাই আমি। এই কাজগুলো বাস্তবায়নের আগ পর্যন্ত চলমান আমার তৎপরতা অব্যাহত থাকবে। ডিএনসিসির সার্বিক উন্নয়নে নগরবাসীকে সম্পৃক্ত করতে চাই আমি।’
ফুটপাত ও অন্যান্য স্থাপনা উদ্ধারে রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কতটুকু পাবেন—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আতিকুল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মেয়র নির্বাচনে নৌকার টিকিট দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আটজন সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন নির্বাচনে পেয়েছি। তাই ঢাকাকে বাসযোগ্য করতে সবার সহযোগিতাও পাব বলে আমার বিশ্বাস।’
আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় যেসব পোস্টার লাগানো হয়েছে, তা সরিয়ে ফেলতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পোস্টার সরানোর জন্য একটি দল আজ (শনিবার) সকাল থেকে মাঠে নেমেছে।’
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। নতুন মেয়রকে রাজনৈতিভাবে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আতিকুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। তাঁকে সব ধরনের সহযোহিতা করা হবে।’
