বিএনপির অবস্থা এখন ফান্দে পরা বগার মতোই: ওবায়দুল কাদের




বিএনপিকে মরা গাঙের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মরা গাঙে কখনও জোয়ার আসে না। তেমনি বিএনপির এখন কোনো আন্দোলনও আসে না। বিএনপির অবস্থা এখন ফান্দে পরা বগার মতোই।
শনিবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের জন্য খালেদা জিয়ার ত্রাণ বিতরণ করতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া যানজট সৃষ্টি করে রোহিঙ্গাদের ত্রাণ দিতে যায়। যানজট সৃষ্টি করে জটের ফাদেঁ নিজেরাই পড়েছে।
বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। দেখতে দেখতে ৮ বছর চলে গেছে কিন্তু চোখে পড়ার মতো তাদের কোনো আন্দোলন দেখা যায়নি।
আন্দোলনের ডাক দিয়ে ম্যাডাম চলে গেলেন লন্ডনে। লন্ডনে চলে যাওয়ার সময় আন্দোলনকে ভ্যানিটি ব্যাগে ভরে নিয়ে গেছেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান।
অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা ও তার নেতাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে। কথায় কথায় খালেদা জিয়া এখন কাঁদেন।
