June 20, 2026

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার কৌশল শিখবে

৬৬

মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার কৌশল শিখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, ‌‘মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শেখবে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি, এটি অব্যাহত থাকবে। ’

এ সময় যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী স্কুলের বিভিন্ন কক্ষে ছাত্রছাত্রীদের ভোটদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, এবার গাজীপুর জেলার ৩২০টি মাধ্যমিক স্কুল, ১০০টি দাখিল মাদ্রাসায় ৮টি পদের বিপরীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ৮৭ হাজার ৭৩২জন ছাত্র এবং ৯৫ হাজার ২২৪ জন ছাত্রী ভোট প্রয়োগ করছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *